চাঁদপুর শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী রাসেল চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন নেতৃত্বে অভিযানে আটক করা হয়েছে।
পুলিশ সোমবার দুপুরে শহরের আদর্শ মুসলিম পাড়ায় মাদক ব্যবসায়ী রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রাসেল মুসলিম পাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক রাসেলের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুর আদালত ওয়ারেন্ট ইস্যু করে এবং কোর্ট রাসেলের বাড়ির সমস্ত মালামাল ক্রোক করার নির্দেশনা দেয়। কিন্তু আসামী রাসেলকে সোমবার পুলিশ অভিযানে পেয়ে যাওয়ায় তার মালামাল আর ক্রোক করা হয়নি।
অপর দিকে, পুলিশ শহরের প্রফেসর পাড়া পশ্চিম বিষ্ণুদী এলাকার মাদক ব্যবসায়ী আল-আমিনের বাসায় অভিযান চালায়। তখন মাদক বিক্রেতা আল-আমিন বাসায় না থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
অভিযানে আরো অংশ নেন চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) মোহাম্মদ হারুনুর রশীদ,ইন্সপেক্টর(কমিউনিটি পুলিশিং এন্ড অপারেশন্স) আবদুর রব,এস আই পলাশ বড়ুয়া,এ এস আই সেলিম মিয়াসহ অন্যান্যরা। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
