চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ১৪ মে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের সভাপ্রধানে অনুষ্ঠিত সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী এবং অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, নৌ-পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। সভায় রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, চরভৈরবীতে পাউবোর উচ্ছেদ অভিযান বন্ধ রাখা এবং চাঁদপুর শহরে অটোবাইক চলাচল নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত হয়।
উন্মুক্ত আলোচনায় আইনশৃঙ্খলাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মুজমদার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ গোলাম ফারুক ভূঁইয়া, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ মঈনউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, কচুয়া পৌরসভার মেয়র মোঃ নাজমুল আলম স্বপন, চাঁদপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম, হাইমচর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন মজুমদার, কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন প্রমুখ। গতকালের সভায় কমিটির ৫৪ জন সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিগণ স্ব স্ব উপজেলা আইনশৃঙ্খলা স্বাভাবিক পর্যায় রয়েছে বলে সভায় উল্লেখ করেন। এছাড়া দ্রব্যমূল্য, ট্রাক্টর চলাচল ও মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত আছে বলে তাঁরা জানান। সভায় চাঁদপুর সড়ক বিভাগের বিভিন্ন রাস্তার সমস্যা, হাইমচরের চরভৈরবীতে ওয়াপদার জায়গা থেকে নদী ভাংতি মানুষগুলোকে উচ্ছেদের পাঁয়তারা, প্রশাসনের নাম ভাঙ্গিয়ে অভিনব কৌশলে চাঁদাবাজি ও জনপ্রতিনিধিদের সাথে প্রতারণা, রাস্তায় যানজট, রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শহরে অটোবাইকের ব্যাপক চলাচল, লঞ্চঘাটে যাত্রী হয়রানি, মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সবচেয়ে বেশি আলোচনা হয় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে।
চরভৈরবীতে উচ্ছেদ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা সভায় জানান, চাঁদপুর সদর ও হাইমচরে ১৯১ কোটি টাকার সরকারি একটি প্রকল্পের কাজ হবে। সেই প্রকল্পের প্রায় ১৫০ কোটি টাকার কাজ হবে হাইমচরে। এ কারণে সিসি বস্নক ম্যানুফ্যাকচারিং কাজের জন্যে প্রচুর জায়গার দরকার। পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গাটি উদ্ধারের জন্যে প্রশাসন থেকেই উচ্ছেদের নোটিস দেয়া হয়েছে। তাঁর এ বক্তব্যের পর জেলা প্রশাসক তাঁর বক্তব্যে পাউবোর এ উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী এ বিষয়টি সতর্কতার সাথে সংশ্লিষ্ট বিভাগকে দেখার জন্যে অনুরোধ করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, মাহে রমজানকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম যাতে সহনীয় পর্যায় থাকে চেম্বারের মাধ্যমে তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, চাঁদপুর শহরে নিয়ন্ত্রণহীন অটোবাইকের ব্যাপক চলাচল নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর সিএনজি অটোরিঙ্ার ন্যায় অটোবাইক লাইসেন্স প্রদান বন্ধ রাখতে হবে। চাঁদপুর সড়ক বিভাগের অনেক রাস্তা গর্তে পরিণত হয়েছে। বর্ষার আগে সেসব রাস্তার সংস্কারে নির্বাহী প্রকৌশলীকে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া ‘আলোকিত চাঁদপুর’ করার জন্যে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে উদ্যোগ নেয়ার জন্যে বলা হয় এ সভায়। সভায় বলা হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় আলোকিত করা হয়েছে। এমনিভাবে প্রত্যেক প্রতিষ্ঠান উদ্যোগী হলে ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে ‘আলোকিত চাঁদপুর গড়া’ সম্ভব হবে। জেলা প্রশাসক চাঁদপুর চেম্বারকে এ ব্যাপারে উদ্যোগ নিয়ে প্রতিমাসে দশটি প্রতিষ্ঠান যাতে আলোকিত করা হয় সে পরামর্শ দেন।
পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম তাঁর বক্তব্যে বলেন, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ দমন এবং রাস্তার ক্ষতিকারক ট্রাক্টর চলাচল বন্ধ এ চারটি বিষয়ে জেলা পুলিশ প্রশাসন আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশ সুপারকে অবগত করার জন্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ নিরোধে পুলিশ প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে। যারা জঙ্গিবাদে জড়িত তারা নীরবে নিভৃতে তাদের তৎপরতা চালাবে। এ ব্যাপারে সবার সজাগ ও সচেতন থাকতে হবে।
নৌ-পুলিশের এসপি সুব্রত কুমার হালদার বলেন, চাঁদপুর লঞ্চঘাটের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
