স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার অভ্যন্তরে অবৈধ ব্যাটারিচালিত রিক্সার উপর অভিযান পরিচালনা করেছে চাঁদপুর পৌরসভার কর্মকতা-কর্মচারীরা। গতকাল বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের তিনটি পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পৌর কর্মচারীগণ শহরের শপথ চত্বর, মিশন রোড মোড় ও ওয়্যারলেস মোড় এলাকায় প্রায় ৭১টি অবৈধ ব্যাটারি ভেঙ্গে ফেলে।
শহরের শান্তি-শৃঙ্খলা যানজট নিরসনে এবং অবৈধ ব্যাটারি চালিত অটোবাইক উচ্ছেদের লক্ষ্যেই মেয়র নাছির উদ্দিন আহম্মেদের নির্দেশে এ অভিযান পরিচালিত হয় এবং অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অংশ নেন চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসাইন, সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল, রফিকুল ইসলাম, শাহরিয়ার হোসেন, এনায়েত হোসেন, ফারহান জিকুসহ কর্মচারীগণ।
চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসেনের সাথে আলাপকালে তিনি জানান, মেয়র স্যারের নির্দেেশই আমরা অবৈধ ব্যাটারিচালিত রিক্সার উপর অভিযান শুরু করেছি। গত সপ্তাহেও এ অভিযান ছিলো। পৌরসভাধীন কোনো এলাকায় ব্যাটারিচালিত রিক্সা চলাচল করতে পারবে না। এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি ।
