
প্রতিনিধি
চাঁদপুর শহরের যানজট নিরসনে নির্মাণ করা হচ্ছে স্বরূপানন্দ সড়ক। শহরের কালী বাড়ি এলাকায় অবস্থিত টাউন হলের বরাবর পূর্ব দিকে কোর্ট স্টেশন প্লাটফরমের পেছন দিয়ে অযাচক আশ্রমের সামনে দিয়ে সোজা ট্রাক রোডের সাথে সংযোগ হবে এ স্বরূপানন্দ সড়ক। অচিরেই এর নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে।
চাঁদপুর পৌরসভা একটি প্রথম শ্রেণীর মডেল পৌরসভা। অত্র পৌরসভায় ইউজিআইআইপি-২-এর অধীনে পৌর পরিষদের আন্তরিক প্রচেষ্টায় পানীয় জলের সমস্যা নিরসন, ড্রেনেজ ব্যবস্থাসহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমাধান, রাস্তাঘাট নির্মাণসহ বহু উন্নয়নমূলক কাজ হলেও পৌরসভাধীন শহর এলাকায় যানজট সমস্যাই এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ যানজট নিরসনে তেমন কোনো কার্যকর ব্যবস্থা গড়ে উঠেনি। ফলে চাঁদপুর পৌরসভার অনেক উন্নয়নমূলক কার্যক্রম ম্লান হয়ে গেছে শহরের যানজটের কারণে। প্রতিদিনই নতুনবাজার-পুরাণবাজার ব্রিজের নতুনবাজার অংশের পালবাজার হতে বিপণীবাগ পর্যন্ত এবং জেএম সেনগুপ্ত রোড হতে নতুনবাজার হয়ে মাতৃপীঠ স্কুলের মোড় পর্যন্ত চলে সীমাহীন যানজট থাকে। সকাল ৯টা থেকে সন্ধ্যা-রাত অবধি এ যানজট থাকে। মনে হয় যেনো যানজটের শহর চাঁদপুর। অনিয়ন্ত্রিত রিক্সা, সিএনজি স্কুটার ও ব্যাটারীচালিত অটোরিক্সার সীমাহীন দৌরাত্ম্যের ফলে প্রতিদিনই পথচারী থেকে শুরু করে স্কুল-কলেজ পড়�য়া ছাত্র-ছাত্রীদের অসহায়ের মতো চলাচল করতে হয় এ শহরে। এ যানজটের কারণে প্রতিদিনই ক্ষোভের সঞ্চার হয় যাত্রী সাধারণসহ পথচারীদের মাঝে। কিন্তু তারা নির্বাক।
অসহনীয় যানজটের হাত থেকে কিছুটা মুক্তি পাওয়ার আশার বাণী শুনিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছর উদ্দিন আহম্মেদ। তিনি জানালেন, অচিরেই নির্মিত হবে স্বামী স্বরূপানন্দ সড়ক। সড়কটি চাঁদপুর টাউন হলের সম্মুখস্থ স্থান থেকে শুরু করে চাঁদপুর কোর্ট স্টেশন প্লাটফরমের পেছন দিয়ে অযাচক আশ্রমের সামনে দিয়ে সোজা ট্রাক রোডের সাথে মিলিত হবে। ফলে শহরের বাস স্ট্যান্ডগামী যানবাহন মুক্তিযোদ্ধা সড়ক, আঃ করিম পাটওয়ারী সড়ক ও মিশন রোড বাদ দিয়ে এ স্বরূপানন্দ সড়ক দিয়ে বাস স্ট্যান্ড চলে যাবে। এতে করে শপথ চত্বর ও মাতৃপীঠ স্কুল মোড়ের যানজট অনেকাংশে কমে যাবে। ফলে শহরবাসী যানজট থেকে অনেকটাই মুক্তি পাবে। পৌর মেয়র আরো বলেন, যানজটের সমস্যা নিরসনে তিনি আন্তরিক রয়েছেন। ২০০৬ সালেই তিনি রেল কর্তৃপক্ষকে স্বরূপানন্দ সড়কের অনুমোদনের জন্যে লিখেছেন। সে মতে এটি রেলওয়ের মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত হয়েছে। পৌরসভার উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
চাঁদপুরে জন্ম নেয়া মহান সাধক অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের নামে নামকরণকৃত এ সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। সড়কের দৈর্ঘ্য হবে প্রায় ১ কিলোমিটার এবং প্রস্থ ১৮ ফুট। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নির্মাণ প্রক্রিয়াধীন এ সড়কের ওয়ার্ক অর্ডার অল্প ক� দিনের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাঁদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আশুতোষ দত্ত জানান। ওয়ার্ক অর্ডারে ৩ থেকে ৪ মাসের মধ্যে কাজ সমাপ্ত হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
এ দিকে শহরের যানজটের জন্য শহরবাসী দায়ী করেন ফুটপাত দখলসহ অনিয়ন্ত্রিত রিক্সা, সিএনজি স্কুটার ও অটোবাইক চালকদের। তারা মনে করেন, পৌরসভার আন্তরিকতা ও কঠোর মনোভাব প্রয়োগের মাধ্যমেই শহরের যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। যানজট দূরীকরণে কয়েক দিন আগে পৌরসভার উচ্ছেদ অভিযানকে পৌরবাসীর অনেকেই সাধুবাদ জানিয়েছিলেন। যা পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু হঠাৎ করে সে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। শহরবাসী মনে করেন, রিক্সা, সিএনজি স্কুটার ও ব্যাটারীচালিত যানবাহন নিয়ন্ত্রিত রাখা, রাস্তার দু পাশের অবৈধ দখল উচ্ছেদ, পালবাজারের রাস্তার উপর কাঁচামাল ব্যবসায়ীদের অন্যত্র স্থানান্তরসহ কয়েকটি কার্যকর পদক্ষেপ যদি পৌর মেয়র গ্রহণ করেন তাহলে হয়তো শহরবাসী অনেকটাই যানজটের হাত থেকে মুক্তি পাবেন।
