মিজান লিটন
চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোড এলাকায় রড সিমেন্টের পরিবেশক ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ৯০ হাজার টাকা জরিমানা করেছে। দোকানে মালের মূল্য তালিকা সাঁটানো না থাকায় ও বিএসটিআইর অনুমোদন ছাড়া পাল্লা ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করে। গতকাল রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত স্ট্যান্ড রোড এলাকায় এ অভিযান চালায়। এদিকে ভ্রাম্যমাণ আদালত দেখে অনেক রড-সিমেন্ট দোকানের মালিক দোকান ছেড়ে পালিয়ে যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্ট্র্যান্ড রোডের আজিজ ব্রাদার্সকে ৩০ হাজার টাকা, কাজী ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও মানিক এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ, সাইদুজ্জামান ও আমিনুর রহমান।
