ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ থানা পুলিশ শাহনাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে। সে তার পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছিলো। এ সময় প্রেমিক আলমগীর (১৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর থেকে ফরিদগঞ্জ থানার এসআই অলক বড়ুয়া তাকে উদ্ধার করেন।
জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালি গ্রামের মনির হোসেন খোকার মেয়ে ও বাবলু গাজীর স্ত্রী শাহনাজ বেগম (৩৫) প্রতিবেশি আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (১৯)-এর সাথে পরকিয়া প্রেমের টানে গত ৩০ মে পালিয়ে যায়। ওই দিনই শাহনাজের পিতা মনির হোসেন খোকা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় আলমগীর হোসেনকে প্রধান অভিযুক্ত করে অপহরণ মামলা দায়ের করেন (নং-৩৪। ধারা ৭/৩০)। থানার এসআই অলক বড়ুয়া গোপন সূত্রে সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদরের আদালত এলাকা থেকে শাহনাজকে উদ্ধার করেন।
